ঢাকা | আগস্ট ১৯, ২০২৬ - ১০:৩৪ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

মাদক সহ যুবলীগ নেতা হাসনাত ও ছাত্রলীগ নেতা শিশির গ্রেপ্তার

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, August 19, 2026 - 3:34 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 10 বার

স্নিগ্ধা খন্দকার, পঞ্চগড় প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় ৩০ পিছ ইয়াবা ট্যাবলেট সহ পঞ্চগড় পৌর যুবলীগের সভাপতি ও ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হাসনাত মো. হামিদুর রহমান (৩৮) ও তাঁর আপন ছোট ভাই নিষিদ্ধ ছাত্রলীগের জেলা কমিটির সাবেক দপ্তর সম্পাদক হাবিবুর রহমান শিশিরকে (২৮) গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

 

মঙ্গলবার (১৮ আগস্ট) দিবাগত রাত একটায় উপজেলার নাফানগর ইউনিয়নের সেনিহারী গ্রামের কুন্দুরা সেতুর ওপর থেকে তাঁদের আটক করা হয়। এঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বোচাগঞ্জ থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। পরে সেই মামলায় তাদের আদালতের মাধ্যেমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। জব্দ করা ৩০ পিছ মাদকের সিজারমূল্যে নয় হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

বুধবার সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেছেন বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।

গ্রেপ্তার হাসনাত ও শিশির পঞ্চগড় পৌরসভার কামাতপাড়া এলাকার বাসিন্দা। তারা ওই এলাকার মোকলেছুর রহমানের ছেলে। হাসনাতের বিরুদ্ধে পঞ্চগড় সদর ও দেবীগঞ্জ থানায় বিএনপি অফিস ভাংচুর, সন্ত্রাস বিরোধী আইন, জুলাই আন্দোলনে ইজিবাইক চালক আল আমিন হত্যা ও গুম মামলা সহ জুলাই অভ্যূত্থানের একাধিক মামলা রয়েছে। তবে শিশিরের বিরুদ্ধে পূর্বের একাধিক মাদক মামলা রয়েছে বলে জানা গেছে।

বোচাগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, থানার উপপরিদর্শক (এসআই) ওবায়দুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে বোচাগঞ্জ উপজেলার নাফানগর ইউনিয়নের সেনিহারী গ্রামের কুন্দুরা সেতু এলাকায় জরুরি আইনশৃঙ্খলা দায়িত্ব পালন করছিলেন। এসময় তাদের সন্দেহজনক চলফেরায় পুলিশ তাদের আটক করে তল্লাশি চালায়। এসময় দুই ভাইয়ের কাছ থেকে ৩০টি কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রতিটি ট্যাবলেটের ওজন শূন্য দশমিক ১ গ্রাম হিসেবে মোট ওজন ৩ গ্রাম বলে জানায় পুলিশ। উদ্ধার করা প্রতি পিছ ইয়াবা তিনশ টাকা হিসেবে আনুমানিক মূল্য ৯ হাজার টাকা।

এঘটনায় বোচাগঞ্জ থানায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় মামলা করা হয়েছে। মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে উপপরিদর্শক (এসআই) সুমন কুমার সরকারকে। পুলিশের ভাষ্য, ইয়াবাগুলো বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিলেন দুই ভাই।

বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, এই দুই ভাই দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত ছিলেন। তাদের বিরুদ্ধে একাধিক মামলার বিষয়টি জেনেছি। তবে মাদকের মামলায় তাদের আদালতের মাধ্যেমে জেলহাজতে পাঠানো হয়েছে।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকলেছুর রহমান বলেন, যুবলীগ নেতা হাসনাত ও তার ভাই শিশিরকে গ্রেপ্তারের বিষয়টি জানার পরপরই আমরা তাদের বিরুদ্ধে একাধিক মামলার বিষয়টি ওই থানায় একটি বেতার বার্তা দিয়েছি। তবে তাদেরকে আদালতের মাধ্যমে পঞ্চগড়ের মামলাগুলোতে শ্যোন এরেস্ট দেখিয়ে পঞ্চগড়ে নিয়ে আসা হবে।