জেদ্দায় কুয়েত ও তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বৈঠক
জেদ্দা: ২৩তম ওআইসি বিশেষ যৌথ পররাষ্ট্রমন্ত্রী সম্মেলনের পার্শ্ব বৈঠকের অংশ হিসেবে কুয়েত ও তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পৃথক বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
কুয়েতের উপ-পররাষ্ট্রমন্ত্রী হামাদ আল-মাশানের সঙ্গে বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এ সময় চলমান মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে কুয়েতের প্রতি বাংলাদেশের সংহতি পুনর্ব্যক্ত করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
বৈঠকে বাংলাদেশ ও কুয়েতের মধ্যে বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদারের আগ্রহ প্রকাশ করা হয়। জবাবে কুয়েতের উপ-পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের সহযোগিতা ও সংহতির জন্য ধন্যবাদ জানান এবং দুই দেশের যৌথ কমিশনের পরবর্তী অধিবেশন দ্রুত আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন।
অন্যদিকে, তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী মুসা কুলাকলিকায়ার সঙ্গে বৈঠকে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী। উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
বৈঠকে বাংলাদেশ-তুরস্ক দ্বিপাক্ষিক সম্পর্কের বর্তমান অবস্থায় সন্তোষ প্রকাশ করে বাণিজ্য, বিনিয়োগ, সংস্কৃতি ও অন্যান্য ক্ষেত্রে সহযোগিতা আরও সম্প্রসারণের ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার অভিন্ন আগ্রহের কথাও জানান তারা।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানান, আসন্ন কপ সম্মেলনে অংশ নিতে তিনি তুরস্ক সফর করবেন।
দুই বৈঠকেই আঞ্চলিক পরিস্থিতি, পারস্পরিক স্বার্থ এবং বাংলাদেশ-কুয়েত ও বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়গুলো গুরুত্ব পায়।








