মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনা সরকারের
সিনিয়র স্টাফ রিপোর্টার: বর্তমান সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনা করেছেন। তারই ধারাবাহিকতায় টাঙ্গাইলের মির্জাপুর থানা পুলিশের আয়োজনে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পরবর্তীতে উপজেলার ১৪টি ইউনিয়নের পুলিশিং বিটের আয়োজনে পর্যায়ক্রমে এ কর্মসূচি পালন করা হবে।
বৃহস্পতিবার (২৭আগস্ট) দুপুরে র্যালিটি মির্জাপুর থানা প্রাঙ্গণ থেকে বেরিয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব মির্জাপুর এর সামনে এসে সমাপ্ত হয়।
র্যালি শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, মাদক একটি সমাজ ও পরিবারকে ধ্বংসের মুখে ঠেলে দেয়। মাদক নির্মূলে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করলেই চলবে না, বরং সাধারণ মানুষকেও সচেতন হতে হবে। নিজ নিজ অবস্থান থেকে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তারা।
এ সময় মির্জাপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন, পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস.এম মহসীন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ডিএম শফিকুল ইসলাম ফরিদ, পৌর বিএনপির সহ-সভাপতি আলী আজম সিদ্দিকী, উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি লাভলু সিদ্দিকী, মির্জাপুর থানার সেকেন্ড অফিসার এস.আই রাশেদ ফজল, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হাবিবুর রহমান হাবিব সিকদার প্রমুখসহ মির্জাপুর থানায় কর্মরত পুলিশ সদস্য ও গ্রাম পুলিশের প্রতিনিধিরা অংশ নেন।
এ ব্যাপারে মির্জাপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, সম্পূর্ণ মাদকমুক্ত করতে সরকার (জিরো টলারেন্স) ঘোষণা করেছেন। মাদক বিক্রেতা ও মাদক সেবনকারী কেউই ছাড় পাবে না বলে তিনি উল্লেখ করেন।








