ঢাকা | মার্চ ১২, ২০২৬ - ২:০২ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

কবিতা “জীবন-তরী”

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, April 9, 2025 - 8:48 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 409 বার

জীবন-তরী
           —হারুন রশীদ

জীবন কী? এর অর্থই বা কী?
থাক সেসব দার্শনিক প্রশ্ন-
সাদামাটা আলাপ করা যাক
জীবন যা তা নিয়েই,
যদি বলি জীবন যা করে
অথবা জীবন যেভাবে চলে
তারই পোশাকি নাম জীবন,
তাহলে কেমন হয়?-
ভেবে দেখা যেতে পারে,
অথবা যদি বলি
জীবন একটা তরীর নাম
তাহলেই বা কী অর্থ দাঁড়ায়?-

এতসব বিকল্প ভাবনার মধ্যে
জীবন-তরীটাই আপাতত
যুৎসই মনে হচ্ছে-
আমি জীবন-তরীর অভ্যন্তরে
প্রবেশ করে দেখেছি-
জীবন একমাত্রিক নয়,
বহুমাত্রিকতায় বিভাজিত
বহু দিগদিগন্তে বিস্তৃত,
নানা ডালপালা আর
শাখা-প্রশাখায় জড়িয়ে-পেচিয়ে
ছড়িয়ে-ছিটিয়ে বয়ে চলে
জীবনপ্রবাহের স্রোতধারা।

স্রোতস্বিনী নদী যেমনটা-
আপন গতিতে এগিয়ে চলে
আশপাশ কখনো ভাঙে
কখনো গড়ে,
কখনো বা দুকুল ছাপিয়ে
প্লাবন বইয়ে দেয়,
কখনো বা পলি পড়ে
জীবনভূমিকে করে তোলে উর্বর,
কখনো আবার
বানের পানির মতো ভেসে যায়
জীবন-তরীর সুখ-দুঃখ,
আনন্দ-বেদনা, প্রাপ্তি-অপ্রাপ্তি।

সবশেষে থেকে যায় শুধু
শূন্যতা আর পূর্ণতার দোলাচল,
তবুও জীবন-তরী ভেসে চলে
অজ্ঞাত তাড়নায় অজানা গন্তব্যে,
স্মৃতিগুলো পড়ে থাকে
ম্লান-মলিন, ধূসর-বিবর্ণ রূপে,
তবুও জীবনের আকুতি
কেবল টিকে থাকা নয়,
তার চেয়েও বেশি কিছু-
ভালো লাগা, ভালোবাসার
সুখস্মৃতি নিয়ে
জীবন-তরী বেয়ে চলা।