ঈদের ছুটিতে ঘুরে আসুন প্রকৃতির অপরূপ লীলাভূমি কমলগঞ্জে
রাজন আবেদীন রাজু, স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহার দীর্ঘ ছুটিতে পরিবার-পরিজন কিংবা বন্ধুদের সঙ্গে ঘুরে আসতে পারেন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘেরা কমলগঞ্জ উপজেলায়। সবুজ চা-বাগান, পাহাড়, লেক, বনভূমি, ঝরনা ও বৈচিত্র্যময় সংস্কৃতির সমন্বয়ে কমলগঞ্জ এখন দেশের অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্যে পরিণত হয়েছে। ঈদের ছুটিকে কেন্দ্র করে ইতোমধ্যেই দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে উপজেলার দর্শনীয় স্থানগুলো।
কমলগঞ্জের উল্লেখযোগ্য দর্শনীয় স্থানগুলোর মধ্যে অন্যতম লাউয়াছড়া জাতীয় উদ্যান। জীববৈচিত্র্যে ভরপুর এই চিরহরিৎ বনে রয়েছে বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী, শতবর্ষী বৃক্ষ এবং বিরল প্রজাতির উল্লুক। প্রকৃতিপ্রেমীদের কাছে এটি অন্যতম আকর্ষণীয় গন্তব্য।
পাহাড়ের কোলঘেঁষে অবস্থিত মাধবপুর লেকও কমলগঞ্জের অন্যতম সৌন্দর্যমণ্ডিত পর্যটনকেন্দ্র। নীল জল, ছোট ছোট টিলা এবং জলজ পদ্মে ঘেরা এই লেক সহজেই মুগ্ধ করে দর্শনার্থীদের। সকাল ও বিকেলের অপরূপ সৌন্দর্য পর্যটকদের মনে এনে দেয় প্রশান্তি।
রোমাঞ্চপ্রেমীদের জন্য বিশেষ আকর্ষণ হামহাম জলপ্রপাত। রাজকান্দি বনের গভীরে অবস্থিত এই দৃষ্টিনন্দন ঝরনায় পৌঁছাতে হয় দুর্গম পাহাড়ি পথ ও ঘন জঙ্গল পেরিয়ে। অ্যাডভেঞ্চারপ্রেমীদের কাছে এটি অন্যতম জনপ্রিয় ভ্রমণস্থল।
এছাড়াও উপজেলার চারপাশজুড়ে বিস্তৃত সবুজ চা বাগান কমলগঞ্জের সৌন্দর্যকে করেছে আরও অনন্য। আঁকাবাঁকা পথ, টিলাঘেরা চা-বাগান আর নির্মল পরিবেশ পর্যটকদের মুগ্ধ করে প্রতিনিয়ত।
কমলগঞ্জ শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই নয়, সমৃদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্যের জন্যও পরিচিত। উপজেলার মাধবপুর ও আদমপুর এলাকায় গড়ে উঠেছে মণিপুরী সম্প্রদায়ের সমৃদ্ধ সংস্কৃতি। মণিপুরী ললিতকলা একাডেমি, ঐতিহ্যবাহী তাঁত শিল্প, নৃত্য ও সংস্কৃতি পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণ হিসেবে পরিচিত।
এছাড়াও কমলগঞ্জে ঘুরে দেখার মতো আরও রয়েছে বৈক্কা বিল, পদ্মছড়া লেক, ক্যামেলিয়া লেক, শমশেরনগর চা-বাগান এলাকা, ধলাই সীমান্ত, কুরমা বন বিট, ফুলবাড়ি চা-বাগান, আলীনগর চা-বাগান, খাসিয়া পল্লী এবং ভানুগাছ বাজার।
পর্যটকদের আরামদায়ক অবস্থানের জন্য কমলগঞ্জে গড়ে উঠেছে বিভিন্ন মানসম্মত রিসোর্টসহ আরও বেশ কিছু আধুনিক আবাসন ব্যবস্থা।
প্রকৃতির স্নিগ্ধ পরশ, পাহাড়-টিলা, সবুজ চা-বাগান আর বৈচিত্র্যময় সংস্কৃতির মেলবন্ধনে কমলগঞ্জ হতে পারে ঈদের ছুটিতে আপনার পরিবারের জন্য এক অনন্য ভ্রমণ গন্তব্য। তাই ঈদের আনন্দকে আরও রঙিন করতে একবার হলেও ঘুরে আসুন পর্যটন নগরী কমলগঞ্জে।








