রাঙ্গুনিয়া আলমশাহপাড়া কামিল মাদ্রাসায় মতবিনিময়, বৃক্ষরোপণ ও দেয়ালিকা উদ্বোধন
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:রাঙ্গুনিয়ার আলমশাহপাড়া কামিল মাদ্রাসায় শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেছেন ঢাকা ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক এস. এফ. এম. আসআদ আউয়াল। বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে মাদ্রাসার হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।একইদিন তিনি মাদ্রাসা প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন এবং শিক্ষার্থীদের দেয়ালিকা উদ্বোধন করেন।
আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ মীর মুহাম্মদ জাহাঙ্গীর। এ সময় মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে এস. এফ. এম. আসআদ আউয়াল শিক্ষার্থীদের সৃজনশীলতা ও লেখার দক্ষতা বিকাশে প্রতি তিন মাস পরপর দেয়ালিকা প্রকাশের আহ্বান জানান। তিনি বলেন, পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের মেধা, মনন ও সৃজনশীল প্রতিভা বিকাশে বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া তিনি মাদ্রাসার শিক্ষার মান, শৃঙ্খলা ও সার্বিক পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং এ ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।
এর আগে তিনি মাদ্রাসার বিভিন্ন শ্রেণিকক্ষ পরিদর্শন করেন এবং শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। পরে তিনি মাদ্রাসার আরবি ক্লাব ও ইংরেজি ক্লাব পরিদর্শন করেন।








